শিক্ষার্থীদের জন্য অন্য রকম মেলা
১০০ টাকা জমা দিলেই খোলা যাবে ব্যাংক হিসাব। এর জন্য কেটে রাখা হবে না কোনো সার্ভিস চার্জ। বিনা ফিতেই মিলবে ডেবিট কার্ড; এমনকি ব্যাংকের জমানো টাকা থেকে টিউশন ফি মেটানোরও সুবিধা রয়েছে।
৬ থেকে ১৮ বছরের প্রত্যেক শিক্ষার্থী পাবে এ সুবিধা। ১৮ বছরের পরে তাদের হিসাবটা ব্যক্তিগত হিসাবে পরিবর্তিত হবে। এর আগ পর্যন্ত এসব হিসাব পরিচালিত হবে অভিভাবকের মাধ্যমে।
এসব তথ্য জানা গেছে স্কুল ব্যাংকিং হিসাব খোলার মেলায়। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ে বসে এ মেলা। এর আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ছুটির দিন সকাল থেকেই মা-বাবার হাত ধরে মেলায় আসতে থাকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের আকর্ষণের জন্য মেলা প্রাঙ্গণের বিভিন্ন ব্যাংকের স্টলগুলো সাজানো হয় বর্ণিল সাজে। মেলার প্রবেশমুখ থেকে শুরু করে এর প্রাঙ্গণজুড়ে ছিল স্কুল ব্যাংকিয়ের বড় বড় ব্যানার। প্রতিটি স্টলে ঢোকার সময় ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চকলেট।
বেশ কয়েকটি ব্যাংকের ব্রোশিয়ার হাতে মেলায় এসেছে বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পূর্ণতা দীপ্তি। সে বলে, ‘মায়ের সঙ্গে এসেছি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে।’
সাউথইস্ট ব্যাংকের স্টলে কথা হয় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড রোজেটের সঙ্গে। তিনি বলেন, ‘স্কুল ব্যাংকিং হলো শিক্ষার্থীদের ব্যাংকমুখী করা, তাদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা। আজকের মেলার মাধ্যমে আমরা সেই কাজকে এগিয়ে নিচ্ছি।’
হালিশহর থেকে আসা মিতা চৌধুরী নামের একজন অভিভাবক বলেন, ‘মেলার আগে ছেলেমেয়েদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধার কথা জানতাম না।’
ব্র্যাক ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. রাশাদুল ইসলাম জানান, ‘ফিউচার স্টার অ্যাকাউন্ট’ নামে তাঁদের স্কুল ব্যাংকিয়ের হিসাবে দৈনিক ব্যালেন্সের ওপর ৮ শতাংশ পর্যন্ত মুনাফা এবং মাসিক মুনাফা দেওয়া হয়।
যমুনা ব্যাংক তাদের স্টুডেন্টস সেভিংস অ্যাকাউন্টে এসব সুবিধার পাশাপাশি অন্যান্য ব্যাংকের তুলনায় ১ শতাংশ বেশি হারে মুনাফা ও ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য ঋণের প্রতিশ্রুতি দিচ্ছে।
ঢাকা ব্যাংকের এডু-সেভিংস প্ল্যানে বিভিন্ন মেয়াদে হিসাব খোলা যাবে। এ ক্ষেত্রে মেয়াদ পুরো হওয়ার আগে দুর্ঘটনার কারণে অভিভাবকের মৃত্যু অথবা কর্মক্ষম হলেও মেয়াদ পুরো হওয়ার সুফল পাওয়া যাবে।