শিক্ষার্থীদের জন্য উপহার বগুড়া সেনানিবাসের
বগুড়া সেনানিবাসের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বরেন্দ্র অঞ্চলে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেঞ্চ, বই ও খেলার সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাসের হাতে উপহার সামগ্রীগুলো তুলে দেন বগুড়া সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল এ কে এম আবদুল্লাহিল বাকী।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ২০ সেট বেঞ্চ, পাঠাগারের জন্য ১০০ বই ও খেলার সামগ্রী। উপহারের পাশাপাশি সেনানিবাসের পক্ষ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রাম বাবুডাইং ও শান্তিপাড়ার ৫০ দুস্থ নারী-পুরুষকে শীতবস্ত্র দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণে সহায়তা করেন প্রধান শিক্ষক কানাই চন্দ্র, সহকারী শিক্ষক ট্রেম হাঁসদা, লুইশ মুরমু, সুদর্শন পাল, আলী উজ্জামান নূর, সোনিয়া খাতুনসহ গ্রামের মোড়ল দেবেন কোল হাঁসদা, সুরেন কোল টুডু, কার্তিক কোল টুডু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কর্নেল (অ্যাডমিন) সালাউদ্দীন আহমেদ, অধিনায়ক ১১ বীর লে. কর্নেল মেহেদী হাসান চৌধুরী, ক্যাপ্টেন খালেদ আমিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার আলী, ওয়ারেন্ট অফিসার আইয়ুব আলী প্রমুখ।