শিক্ষার্থীদের জন্য নেতৃত্ব তৈরির কর্মসূচি হাতে নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলা একাডেমী অস্ট্রেলিয়া’ বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন প্রজন্মের জন্য ‘স্টুডেন্ট অ্যাম্বাসেডর লিডারশিপ প্রোগ্রাম’ নামে একটি নতুন প্রকল্পের কাজ শুরু করেছে। অস্ট্রেলিয়ায় গত ২২ আগস্ট শিক্ষাবিদ আনিসুজ্জামান আনুষ্ঠানিকভাবে ওই প্রকল্প উদ্বোধন করেন। এর উদ্দেশ্য ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি সমাজসচেতনতা বৃদ্ধি করা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টুডেন্ট অ্যাম্বাসেডর লিডারশিপ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, ২০০৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই একাডেমী বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিসহ সমাজ উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংবাদ সম্মেলনের পাশাপাশি গতকাল শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মরণে আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে ৩৫০টি ছবি জমা পড়ে। এগুলোর মধ্যে ৩২টি ছবি বাছাই করে বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী চারটি বিভাগে মোট ১২ জনকে নির্বাচিত করেন।শিক্ষাবিদ আনিসুজ্জামান বাংলা একাডেমী অস্ট্রেলিয়ার এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই উদ্যোগের ফলে শিশুরা দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে।বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান প্রবাসী এই সংগঠনকে যথাযথ সহযোগিতা এবং আগামী একুশে বইমেলায় প্রবাসীদের জন্য একটি স্টল বরাদ্দের আশ্বাস দেন।অনুষ্ঠানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী বেগম জাহানারা আবেদিন এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।বাংলা একাডেমী অস্ট্রেলিয়ার পরিচালক আনোয়ার আকাশ বলেন, প্রবাসে বাংলা শিক্ষার পাশাপাশি দেশীয় সংস্কৃতি লালনের ব্যাপারে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলা একাডেমী অস্ট্রেলিয়া শিশু-কিশোরদের মনোযোগ আকর্ষণের জন্য তাদের দিয়েই বিভিন্ন লিডারশিপ প্রোগ্রাম পরিচালনার উদ্যোগ নিয়েছে।