শিক্ষার্থীদের জোর করে নির্বাচনের প্রচারে ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা মীর মশাররফ হোসেন হলের সাধারণ শিক্ষার্থীদের জোর করে সাভার উপজেলার ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী প্রচারে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ জন্য ছাত্রলীগের কর্মীরা ইউপি চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছেন। তবে ছাত্রলীগের কর্মী ও প্রার্থীরা এ অভিযোগ অস্বীকার করেছেন।সাভার উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন হবে কাল বুধবার। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সাভার ইউনিয়নের অধীনে। হলে দেড় শতাধিক ভোটার রয়েছেন। অভিযোগ উঠেছে, নির্বাচন সামনে রেখে হলের ছাত্রলীগের কর্মী মো. আশরাফুজ্জামান, মনোয়ার হোসেন, নিজামসহ চার-পাঁচজন হলের সাধারণ শিক্ষার্থীদের জোর করে নির্বাচনী প্রচারে ব্যবহার করছেন। ছাত্রলীগের কর্মীরা হলের ভোট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল রানার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা নিয়েছেন। গত রোববার সকালে সোহেল রানা হলে এসে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে দেখা করেন। যাওয়ার সময় প্রথম আলোর এই প্রতিবেদকের সামনেই সোহেল রানার এক সমর্থক হলের এক নিরাপত্তারক্ষীর হাতে ১০০ টাকার দুটি নোট গুঁজে দেন।টাকা নেওয়ার কারণ জানতে চাইলে ওই নিরাপত্তারক্ষী প্রথম আলোকে বলেন, ‘আমি নিতে চাই নাই। বড় ভাইরা সামনে ছিল, তাই নিতে হইছে। ওই টাকা দিয়া আমরা সবাই মিলে চা খাইছি।’ এদিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মানিকের নির্বাচনী প্রচারের জন্য গত শনিবার বেলা তিনটার দিকে মীর মশাররফ হোসেন হল থেকে একটি বাসে করে ৫০ জন শিক্ষার্থীকে জোর করে ভাকুর্তায় নিয়ে যান ছাত্রলীগের কর্মীরা। অথচ ওই শিক্ষার্থীরা ভাকুর্তা ইউনিয়নের ভোটার নন। ভাকুর্তায় পৌঁছানোর পর একটি বাড়িতে শিক্ষার্থীদের বিরিয়ানি খাওয়ানোর পর স্থানীয় সমর্থকদের সঙ্গে মানিকের নির্বাচনী প্রচার চালানো হয়।প্রচারে অংশগ্রহণকারী হলের একাধিক সাধারণ শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন বড় ভাই আমাদের সবাইকে শনিবার হলের সামনে জড়ো হওয়ার নির্দেশ দেন। পরে তাঁরা আমাদের বাসে করে ভাকুর্তায় নিয়ে যান।’ইউপি সদস্য পদপ্রার্থী মো. মানিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। সাংবাদিক পরিচয় গোপন করে নির্বাচনে তাঁর সহযোগী দ্বীন ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ওই হলের (মীর মশাররফ হোসেন) একজন আমাদের পূর্বপরিচিত থাকায় তার মাধ্যমেই আপনাদের (ছাত্রদের) আনা হয়েছিল।’ছাত্রলীগের কর্মী মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ভাকুর্তার ইউপি সদস্য পদপ্রার্থী মানিকের নির্বাচনী প্রচারে হলের ছাত্ররা নিজেদের ইচ্ছায় গিয়েছিল। আর মীর মশাররফ হলে বেশ কিছু ভোটার থাকায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল রানা হলে এসেছিলেন।’সাভার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল রানা ছাত্রলীগের কর্মীদের টাকা দিয়ে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ছাত্রদের জোর করে ইউপি নির্বাচনের প্রচারে নিয়ে যাওয়ার বিষয়টি জানা ছিল না। এ ব্যাপারে খোঁজ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।