শিক্ষার্থীদের টাকায় সাংসদকে সোনার নৌকা উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের চাঁদার টাকায় সোনার নৌকা উপহার দেওয়া হলো ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সরকারদলীয় সাংসদ নবী নেওয়াজকে। মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল শনিবার এই সংবর্ধনা দেয়।
বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানায়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল গতকাল। শিক্ষার্থীরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ নবী নেওয়াজের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তাঁকে সংবর্ধনা দেওয়ার বিষয়টি কোনোভাবেই নির্ধারিত ছিল না। শিক্ষকদের একটি অংশ সাংসদকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় বাধ্য হয়ে দুই অনুষ্ঠান একসঙ্গে করতে হয়।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে ২০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। শিক্ষক ও কর্মচারীরাও চাঁদা দিয়েছেন। সেই চাঁদার সিংহভাগ ব্যয় করা হয় সাংসদের জন্য সোনার নৌকা তৈরি করতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক রিজিয়া খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুন, স্থানীয় এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী রঞ্জন কুমার বলেন, ‘আমরা ছাত্রীদের বিদায় অনুষ্ঠানের মাঝে একটা সুযোগ পেয়ে সাংসদকেও সংবর্ধনা দিয়ে দিলাম।’