শিক্ষার্থীদের তিন ঘণ্টার সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য কর্তৃক স্কুল-কলেজের শিক্ষার্থীদের শরীর তল্লাশির নামে নানা হয়রানির প্রতিবাদে গতকাল শনিবার তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
সকাল ১০টায় কলেজের কয়েক শ শিক্ষার্থী উখিয়া কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করলে কক্সবাজার থেকে টেকনাফগামী এবং টেকনাফ থেকে কক্সবাজার-চট্টগ্রাম ও ঢাকাগামী কয়েক শ যানবাহন আটকা পড়ে।
দুপুরে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম ফজলুল করিম, উপাধ্যক্ষ আবদুল হক, ছাত্র প্রণব বড়ুয়া, আলমগীর হোসেন, মোহাম্মদ কাশেম প্রমুখ। বেলা একটার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংসা থোয়াই ঘটনাস্থলে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামাল দেন।
কলেজের অধ্যক্ষ ফজলুল করিম প্রথম আলোকে বলেন, ‘ডিবি পুলিশ সদস্যরা সড়কের বিভিন্ন স্থানে যানবাহন থামিয়ে ইয়াবা উদ্ধারের নামে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের শরীর তল্লাশি চালিয়ে আসছেন। তাই ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা মাঠে নেমে সড়ক অবরোধ করে। আমরা (শিক্ষকেরা) তাদের সঙ্গে থেকে পরিস্থিতি শান্ত রেখেছি। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ধরনের তল্লাশি হবে না মর্মে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।’
কলেজছাত্র প্রণব বড়ুয়া বলেন, ইয়াবা উদ্ধারের নামে ডিবি পুলিশ সদস্যরা ছাত্রছাত্রীদের শরীর তল্লাশি করে নানা সমস্যার সৃষ্টি করছে। প্রতিবাদ করলে ইয়াবাসহ জেলহাজতে পাঠানোর ভয় দেখান। যদিও এ পর্যন্ত তাঁরা ইয়াবাসহ কোনো শিক্ষার্থীকে ধরতে পারেননি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) এ কে এম মনজুর আলম বলেন, ভুল বোঝাবুঝির কারণে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। এখন থেকে যানবাহনে তল্লাশির সময় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখালে কোনো ঝামেলায় পড়তে হবে না।
ওসি ডিবি বলেন, টেকনাফ থেকে কন্যাশিশুরা শরীরে লুকিয়ে ইয়াবার চালান নিয়ে আসে। তবে অহেতুক কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, সেদিকে পুলিশ সতর্ক থাকবে।