শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান বলেছেন, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে। তাই সম্ভাবনাময় তরুণদের আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিঞা বাজার কলেজে আয়োজিত এক বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মিঞা বাজার শাহ ফজলুর রহমান-মীর মহিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক।দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে ফাউন্ডেশনের সভাপতি মীর হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় হুইপ মো. মুজিবুল হক বলেন, ‘পরিশ্রম ও ইচ্ছাশক্তি থাকলেই জীবনে বড় হওয়া যায়। কৃষকের ছেলে হয়ে আমি দুবার এমপি (সাংসদ) হয়েছি। দুবার এমপি নির্বাচন করে হেরেছি। হারার পর মাঠ ছাড়িনি বলে চৌদ্দগ্রামের মানুষ আমাকে গ্রহণ করেছে। তাই জীবনে হতাশ হওয়া যাবে না।’অনুষ্ঠানে ২০১১ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া একাদশ শ্রেণীর ৫১ জন শিক্ষার্থীকে এক সেট করে একাডেমিক বই ও সনদ দেওয়া হয়।