শিক্ষার্থীদের দলগত নিরাপত্তা দেবে পুলিশ ব্যক্তিগত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার সময় কেন্দ্র ও শিক্ষার্থীদের চলাচলের রাস্তায় নিরাপত্তা দেবে র‌্যাব, পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দুপুরে চার বাহিনীর নিরাপত্তাসংক্রান্ত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তবে সমন্বয় সভার আগে সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ব্যক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দিতে পারবে না পুলিশ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাও সম্ভব নয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এসএসসি পরীক্ষার নিরাপত্তা ও হরতাল-অবরোধ পরিস্থিতি নিয়ে চার বাহিনীর প্রধানেরা পুলিশ সদর দপ্তরে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ছাড়াও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিমুদ্দীন, উপমহাপরিচালক মো. মিজানুর রহমান, বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেসুর রহমান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লি­ক ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তায় স্থানীয় পুলিশের স্বাভাবিক উপস্থিতির পাশাপাশি অতিরিক্ত ব্যবস্থা হিসেবে সড়ক-মহাসড়কে মহানগর পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন ও র‌্যাবের পাশাপাশি বিজিবির সদস্যরা থাকবেন। মহাসড়কের নিরাপত্তায় আগের মতো থাকবেন আনসার সদস্যরা।
সমন্বয় কমিটির এই সভার আগে করা সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, শিক্ষার্থীদের দলগতভাবে নিরাপত্তা দেবে পুলিশ। কিন্তু ব্যক্তিগতভাবে নিরাপত্তা দিতে পারবে না। তিনি বলেন, ‘সবার প্রত্যাশা ছিল, এসএসসি পরীক্ষার কারণে কর্মসূচি শিথিল রাখা হবে বা আওতামুক্ত রাখা হবে। কিন্তু বাস্তবে দেখা গেল, তারা অবরোধের সঙ্গে হরতাল দিল।’
এসএসসি পরীক্ষার সময়ও হরতাল-অবরোধ কর্মসূচি অব্যাহত রাখা প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘পিতা হিসেবে, নাগরিক হিসেবে আমি স্তম্ভিত। জাতি স্তম্ভিত।’
২০-দলীয় জোটের উদ্দেশে আইজিপি বলেন, ‘আমি সাধারণ নাগরিক হিসেবে, পিতা হিসেবে অনুরোধ করব, যাতে এই কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।’ তিনি আরও বলেন, অবরোধের নামে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। নাশকতা চালানো হচ্ছে। পেট্রলবোমা হামলা চালানো হচ্ছে। এদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কি না?—এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এখন এটা মনে হতে পারে। কিন্তু তখন আতঙ্কজনক পরিস্থিতি ছিল। পরে দেখা গেল, আওয়ামী লীগ আইন মেনেছে, বিএনপি মানেনি।
সশস্ত্র পাহারায় যেখানে হামলা হয়, সেখানে আনসার দিয়ে কী হবে—এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পোশাক পরা নিরাপত্তাকর্মী দেখলে হামলাকারীরা কিছুটা হলেও ভয় পাবে। এর একটি প্রভাব আছে।
বাসে আগুন দেওয়া মামলার আসামিদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না?—জানতে চাইলে আইজিপি বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই গ্রেপ্তার করা হবে।