শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রেখে আবার সাংসদকে অভ্যর্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে অভ্যর্থনা জানানো হয়েছে। গতকাল সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গতকাল পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামীম ওসমান। তিনি বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানে পৌঁছান। এর এক ঘণ্টা আগে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থীকে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় স্কুলের সামনের রাস্তায় রোদে দাঁড় করিয়ে রাখা হয়। শামীম ওসমান এখানে পৌঁছলে শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাঁকে স্বাগত জানায়।
রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর ইসলাম দাবি করেন, প্রধান অতিথিকে বরণ করতে শিক্ষার্থীদের স্কুল ক্যাম্পাসের ভেতরেই দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও শামীম ওসমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এর আগে গত ২২ মার্চ সিদ্ধিরগঞ্জের আদমজীনগরের এমডব্লিউ স্কুলের এক অনুষ্ঠানে শামীম ওসমানকে স্বাগত জানাতে একইভাবে শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
গতকাল ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে বক্তৃতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আপনারা মেয়র আইভীর কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিয়ে আসেন, এলাকার সব উন্নয়ন আমি করে দেব।’
শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সহসভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, মহানগর কৃষক দলের আহ্বায়ক আবদুল মতিন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ জামান প্রমুখ বক্তৃতা করেন।