শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববারও প্রশাসনিক ভবনে তালা দিয়ে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করার ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারীরা ফিরে যান।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ক্রেডিট ফি ১১০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা, পরিবহন ফি ৩০০ টাকা থেকে ১০০ টাকা করা, ৫০০ টাকা টিউশন ফি বাতিল, ল্যাব ফি এবং সব ধরনের উন্নয়ন ফি বাতিল।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে এর সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। তাদের দাবিগুলো পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে বলেও জানান। এরপর বেলা সোয়া একটার দিকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দেন।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী প্রক্টরকে ওই দাবি–সংবলিত একটি স্মারকলিপি দিয়ে বেলা তিনটার মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানতে চান। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে উপাচার্য মো. আলাউদ্দিন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলে সন্ধ্যা ছয়টায় তাঁরা তালা খুলে দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা আশিকুর রহমান জানান, তাঁদের দাবিগুলোর প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে। তাই তাঁরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা করে দেখার জন্য লাইফ সায়েন্স অনুষদের ডিন এ এস এম সাইফুল্লাহকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিজ্ঞান অনুষদের ডিন পিনাকি দে, প্রকৌশল অনুষদের ডিন মুহাম্মদ শাহীন উদ্দিন, রিজেন্ট বোর্ডের সদস্য সিরাজুল ইসলাম, মতিউর রহমান ও খাদেমুল ইসলাম।

প্রক্টর মো. সিরাজুল ইসলাম জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর তাঁরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন এবং অবরোধও তুলে নিয়েছেন।