শিক্ষার্থীদের দাবি মেনে নিল কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবস্থান ধর্মঘটের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন উপাচার্য। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিভাগের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হওয়া রুহুল আমিনকে পুনর্বহাল করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষিকাদের আবাসন সমস্যা সমাধানে গেস্টহাউসে কক্ষ বরাদ্দ দেওয়া, পরীক্ষাগারের জন্য টেকনিশিয়ান নিয়োগ ও শ্রেণিকক্ষের সংকট সমাধান। গতকাল বেলা তিনটার দিকে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশ জারি করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ে গত বুধবার বেলা তিনটার দিকে প্রশাসনিক ভবনের নিচতলায় ও সামনে তাঁদের অবস্থান কর্মসূচি শুরু হয়। রাত ১০টার দিকে তাঁদের বিভাগের শিক্ষকদের বাসভবনে ডেকে পাঠান উপাচার্য। সেখানে আলোচনার পর গতকাল সকালে বিষয়টি নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। পরে আন্দোলনরত ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রাত ১২টার দিকে তাঁরা পরদিন সকাল ৬টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন।
শিক্ষার্থীরা আরও বলেন, গতকাল সকাল ৬টায় থেকে তাঁরা একই দাবিতে একাডেমিক ভবনে তাঁদের বিভাগে অবস্থান ধর্মঘট শুরু করেন। সকাল সাড়ে ৮টা থেকে ক্লাস হওয়ার কথা থাকলেও ধর্মঘটের কারণে তা হয়নি। পরে সকাল ১০টার দিকে বিভাগের শিক্ষকেরা আবার উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিভাগীয় চেয়ারম্যানকে পুনর্বহালসহ শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়।
উপাচার্য এম অহিদুজ্জামান বলেন, বিভাগের চেয়ারম্যান পদে আগেরজনকে পুনর্বহাল কিংবা নতুন একজনকে দায়িত্ব দেওয়ার বিষয়ে তিনি এমনিতেই ভাবছিলেন। অন্য সমস্যাগুলোর বিষয়েও তিনি অবগত ছিলেন এবং সমাধানের চেষ্টা করছিলেন। এখন সেটিই করা হয়েছে।