জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (পঞ্চম ব্যাচ) শিক্ষার্থীদের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি অবশেষে মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। সূত্র জানায়, বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা গত সপ্তাহে চার দিন ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন। দাবির মুখে গতকাল উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বর্ধিত ফি থেকে এক হাজার টাকা কমানোর ঘোষণা দেন। এতে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন।শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘গ্রন্থাগার জামানত, গ্রন্থাগার উন্নয়ন ও সেমিস্টার ফি খাতে এক হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মানববন্ধন: গতকাল বেলা ১১টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, শিক্ষক লুত্ফর রহমান ও অরুণ কুমার গোস্বামী বক্তব্য দেন।