খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের দাবির মুখে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ১ম টার্মের চূড়ান্ত পরীক্ষা পেছানো হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত অনুযায়ী, ওই তিন বর্ষের পরীক্ষা সাত থেকে ১০ দিন পিছিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের কিছু শিক্ষার্থী গত শুক্রবার তাঁদের ১ম টার্মের চূড়ান্ত পরীক্ষা পেছানোর দাবি জানান। এ সময় কিছু শিক্ষার্থী মিছিল ও সমাবেশ করেন এবং প্রশাসনিক ভবনসহ কয়েকটি ভবনের জানালার কাচ ভাঙচুর করেন। ওই দাবিতে শনিবার শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। উপাচার্য এ দিন বিশ্ববিদ্যালয়ের সব ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও অধ্যাপকদের নিয়ে একটি সভা করেন। সভায় সিদ্ধান্ত হয়, ইতিপূর্বে সংশ্লিষ্ট বিভাগের ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ-সরবরাহ বন্ধ করে দিয়ে পুনরায় ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেন। তাঁরা প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, শিক্ষক ডরমেটরিসহ অন্যান্য ভবনের জানালার কাচ ভাঙচুর করেন। রাত সোয়া নয়টার দিকে উপাচার্য শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে রাত সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ বন্ধ করে হলে ফিরে যান। গতকাল সকালে একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের কয়েকজন বলেন, তাঁদের দাবি যৌক্তিক। তাই কর্তৃপক্ষ তা মানতে বাধ্য হয়েছেন। কয়েক দিন সময় পাওয়ায় তাঁরা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবেন।একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর। পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে তিনি গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বর্তমানে ক্যাম্পাস শান্ত ও স্বাভাবিক।