শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ব্রহ্মপুত্র নদে সেতুর দাবি

ব্রহ্মপুত্র নদের ওপারে বিদ্যালয়। শিক্ষার্থীদেরও খেয়া পার হয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। খেয়া পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা। সর্বশেষ গত সোমবার নদে নৌকা ডুবে এক ছাত্রীর মৃত্যু হয়। এ অবস্থায় শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন নদে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
নিয়মিত খেয়া পারাপারের ঝামেলায় থাকা ওই শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, ইউনিয়নের ফতেপুর, কুমারচর, শাহালেরকান্দি, জোয়ারদী ও দৌলরদী গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা জোয়ারদী গ্রামের পাশের খেয়াঘাট দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। শিক্ষার্থীদের মধ্যে ৮০০ ছাত্র-ছাত্রী পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ের এবং ৪০০ শিক্ষার্থী স্থানীয় নাজিমুদ্দিন ভূঁইয়া কলেজ ও সোনারগাঁ ডিগ্রি কলেজের। এ শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে এ খেয়াঘাট ব্যবহার করে ছোট নৌকায় পার হতে হয়। সোমবার নৌকায় পার হতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী নৌকা ডুবে যায়। এতে বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার মারা যায়।
গতকাল বুধবার স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতার পর থেকে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দারা ওই এলাকায় সেতু নির্মাণের দাবি করে আসছেন। জোয়ারদী গ্রামের বাসিন্দা সোহেল আরমান বলেন, স্থানীয় সরকারের নির্বাচন (ইউপি) ও জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সেখানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন। তবে ভোটের পর সবাই তা ভুলে যান।
নাজিমুদ্দিন ভূঁইয়া কলেজের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, ‘সেতুর অভাবে আমাদের এলাকার পাঁচ গ্রামের মানুষ যুগ যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। নদ পারাপার হতে গিয়ে গত পাঁচ বছরে ১১ বার নৌকাডুবির ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় তিনজন শিক্ষার্থী নিহত ও শতাধিক মানুষ আহত হয়।’
পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, সেতুর অভাবে শিক্ষা ক্ষেত্রে এ এলাকা পিছিয়ে পড়ছে। খেয়া পারাপার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেক অভিভাবক তাঁদের সন্তানকে স্কুলে পাঠাতে চান না। তিনি বলেন, গত সোমবার নৌকাডুবিতে শিক্ষার্থী মারা যাওয়ার পর থেকে আতঙ্কে শিক্ষার্থীরা ঠিকমতো বিদ্যালয়ে আসছে না।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, ছোট দুটি নৌকায় চড়ে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন খেয়া পার হচ্ছে। ষষ্ঠ শ্রেণির ছাত্রী নাজমা আমান বলে, ‘নদী পার হয়ে স্কুলে আসতে ভয় হয়। বিশেষ করে বর্ষায় নদে পানি বেশি থাকায় আমরা সব সময় আতঙ্কে থাকি। আমরা এ এলাকায় সেতু চাই।’
সনমান্দি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, ‘আমি সরকারের উচ্চ মহলে তদবির করব, যাতে এ এলাকায় একটি সেতু হয়।’
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, ‘এ এলাকায় সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু নির্মাণ হলে মানুষের জীবনযাত্রার মান ও শিক্ষার হার দুটোই বাড়বে। সেতু নির্মাণে উদ্যোগ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিখিতভাবে অনুরোধ জানাব।’