চাঁদপুরের কচুয়ার ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ের আহত ও আতঙ্কিত শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে দেখা করতে গতকাল বুধবার বিদ্যালয়টিতে গেছেন স্থানীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীর। যুবলীগ কর্মীদের হামলার তিন দিন পর সেখানে গিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এক বৈঠকও করেন তিনি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল মুবিন জানান, সাংসদ বৈঠকে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর বক্তব্য শোনেন। এ সময় সাংসদ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মূল হোতাদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরী ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার জানান, গতকাল বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। এর আগের দিন মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য এলাকায় মাইকিং করা হয়।
প্রধান শিক্ষক আরও জানান, হামলায় গুরুতর আহত দশম শ্রেণির ছাত্র সুজন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্য শিক্ষার্থীরা মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের জন্য চাঁদা চেয়ে না পেয়ে স্থানীয় যুবলীগ কর্মী ফারুক হোসেন, মো. লিটন, মনির হোসেনসহ একদল সন্ত্রাসী প্রধান শিক্ষকসহ দুজন শিক্ষককে লাঞ্ছিত করেন। পরের দিন শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে ওই সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা করেন। এতে আহত হয় অন্তত ৪০ শিক্ষার্থী। এ ঘটনায় করা মামলায় কচুয়া থানা-পুলিশ এজাহারভুক্ত মূল আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।