অণুবীক্ষণ যন্ত্র। পাঠ্যবইয়ে শুধু পড়া থেকে জানা ছিল। গতকাল এ যন্ত্রটি শুধু দেখা হয়নি, ব্যবহার করে অনেকটা শেখা হয়েছে সিলেটের রসময় উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের। শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে শুরু হওয়া হাতে-কলমে বিজ্ঞান পাঠের কর্মসূচি ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ রসময় উচ্চবিদ্যালয়ে হওয়ায় শিক্ষার্থীদের উত্সবমুখরতায় জানা হয়েছে বিজ্ঞান শিক্ষার নানা দিক।শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাাদানের মান উন্নয়নবিষয়ক প্রকল্পের আওতায় হাতে-কলমে বিজ্ঞান শেখার কর্মসূচি ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ শুরু হয় সিলেট থেকে। জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কর্মতত্পরতায় ২০১১ সালের ১৬ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হয়েছিল। আয়োজকেরা জানান, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করা এ কর্মসূচি শহর ও গ্রামের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয়েছে। গতকাল নবম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রসময় উচ্চবিদ্যালয়ে বিজ্ঞানের হাতে-কলমে পাঠ দেওয়া হয়।বিদ্যালয় সূত্র জানায়, তিন শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানের ১২টি অভিজ্ঞতা নিয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। পরে মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের প্রশ্ন করে তাদের জানার বিষয় সম্পর্কে অবহিত হন। প্রশ্নোত্তর পর্বে সেরা প্রশ্নকারী ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বিজ্ঞানের বই উপহার দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী চৌধুরীসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।