শিক্ষার্থীদের দেশের সীমা ও সম্পদ সম্পর্কে জানতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক ছাত্রছাত্রীর মাতৃভূমির ভূখণ্ডগত সীমানা ও সম্পদ সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। এ ধারণা থাকলে তারা এর ব্যবহার, উন্নয়ন ও সংরক্ষণ সম্পর্কে ভাবতে ও বুঝতে শিখবে। গড়ে উঠবে গর্বিত নাগরিক হিসেবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রোববার ঢাকার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘সমুদ্র বিজয়’ নিয়ে অনুষ্ঠিত এক বিশেষ ক্লাস শেষে এ কথা বলেন। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধে জয় পাওয়া নিয়ে ছাত্রছাত্রীদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় গতকাল সারা দেশের স্কুল-কলেজ ও মাদ্রাসায় এই ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ক্লাস নোট তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল। সমুদ্রসীমা বিরোধে বিজয়কে বাংলাদেশের জন্য মাইলফলক বলে আখ্যায়িত করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে আবদ্ধ রাখলে হবে না। তাদের নিজ দেশ ও জাতির পরিচিতি, ঠিকানা, সমপদ সম্পর্কে জানতে হবে।’ শিক্ষকনেতাদের দাবি পেশ: ১২টি শিক্ষক-কর্মচারী সংগঠনের ৪০ জন প্রতিনিধি গতকাল মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি পেশ করেন। তাঁরা বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি এবং মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করাসহ বেশ কিছু দাবি জানান। শিক্ষামন্ত্রী তাঁদের বলেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলোর সমাধান করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে।