শিক্ষার্থীদের নম্বর ও প্রশংসাপত্র দিচ্ছে না মাদ্রাসা কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এ বছর দাখিল পাস করা শিক্ষার্থীদের নম্বর ও প্রশংসাপত্র দিচ্ছে না মাদ্রাসা কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল রোববার বিক্ষোভ করেছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে।বারদী নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পাস করা আল-আমিন, মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, মহিউদ্দিন আহম্মেদ, ওমর ফারুকসহ কয়েকজন শিক্ষার্থী বলেছে, দাখিল পাস করা ৪২ জন ছাত্র অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য এক সপ্তাহ ধরে নম্বর ও প্রশংসাপত্রের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করে আসছে। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে তাদের কাউকে অন্য মাদ্রাসা কিংবা কলেজে ভর্তি হতে দেওয়া হবে না। পড়াশোনা করতে হলে এই মাদ্রাসায়ই ভর্তি হতে হবে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল। এ অবস্থায় শিক্ষার্থীরা গতকাল সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল করে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছে।মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী বলেছে, কলেজে ভর্তির সময় শেষ হয়ে যাচ্ছে। তাদের শিক্ষাজীবন নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তামাশা করছে। তারা বলেছে, ইউএনও এর সুষ্ঠু সমাধান করতে না পারলে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হবে।মাদ্রাসার অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা চাই পাস করা ছাত্ররা আমাদের এখানেই ভর্তি হোক। কোনো শিক্ষার্থী অন্য কলেজ বা মাদ্রাসায় চলে যেতে চাইলে আমরা তাদের নম্বর ও প্রশংসাপত্র দেব না। এটা আমার একার সিদ্ধান্ত না, সিদ্ধান্তটি নিয়েছে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি। কমিটির সিদ্ধান্তের বাইরে আমি কিছু করব না।’ইউএনও সাগরিকা নাসরিন প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত অন্যায়। আমি অভিযোগ পেয়ে অধ্যক্ষকে তলব করেছি। মাদ্রাসা কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’