শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো ভালোবাসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেছেন, যে সমাজ যত বেশি সচেতন, পরমতসহিষ্ণু, সহনশীল ও ধৈর্যশীল, সে সমাজ তত বেশি সভ্য ও উন্নত। গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার নামে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ কে আজাদ চৌধুরী বলেন, পশ্চিমা দেশগুলোর মতো শিক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো ভালোবাসতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একাগ্রতা, দেশপ্রেম এবং আন্তরিকতার মনোভাব নিয়ে পাঠদান ও পরিচালনা করলে আমাদের সন্তানেরাও বিশ্বমানের শিক্ষা ও জ্ঞানার্জন করে সমৃদ্ধ দেশ গড়বে।’ দেশের খাদ্য-নিরাপত্তা নিশ্চিতকরণে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করেই উৎপাদন বাড়ানোর জন্য গবেষণা করতে তিনি কৃষিবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাইদুল হক চৌধুরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল জলিল মিয়া এবং রিজেন্ট বোর্ডের সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইমাম চৌধুরী।এর আগে সকাল সাড়ে ১০টায় এ কে আজাদ চৌধুরী ২০ কোটি টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট ‘ড. এম এ ওয়াজেদ’ একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।