শিক্ষার্থীদের নিবন্ধন দিতে বিএমডিসিকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানার অবশিষ্ট সাত কোটি টাকা তিন কিস্তিতে পরিশোধের শর্ত দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয় নতুন করে এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব বদরুন নাহার স্বাক্ষরিত এই পত্রের অনুলিপি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, ইউএসটিসি কর্তৃপক্ষকে জরিমানার অবশিষ্ট সাত কোটি টাকা তিনটি মাসিক কিস্তিতে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। প্রথম ও দ্বিতীয় কিস্তিতে আড়াই কোটি টাকা করে এবং তৃতীয় কিস্তিতে দুই কোটি টাকা জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, কোটার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় গত ফেব্রুয়ারিতে ইউএসটিসিকে ১০ কোটি জরিমানা করে। গত ৪ এপ্রিল ইউএসটিসি জরিমানার তিন কোটি টাকা জমা দেয়।
জানতে চাইলে ইউএসটিসির রেজিস্ট্রার বদরুল আমিন ভূঁইয়া বলেন, ‘অবশিষ্ট টাকা জমা দেওয়ার জন্য মন্ত্রণালয় আমাদের একটি নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী আমরা চলব। বিএমডিসিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখন আমরা বিএমডিসির চিঠির অপেক্ষায় আছি।’ তিনি বলেন, শিক্ষার্থীদের নিবন্ধনে এখন আর বাধা থাকল না।
চিঠিতে লেখা হয়, ‘ইউএসটিসির ২০১১-১২ (২৫তম ব্যাচ) শিক্ষাবর্ষে ৪১০ জন, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ৪১৪ জন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ২৮০ জন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৯০ জন ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১৫০ জন শিক্ষার্থী ভর্তির ভূতাপেক্ষ অনুমোদন প্রদানের বিষয় বিবেচনা করা হলো।’ বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা, বিএমডিসি নীতিমালা এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি নীতিমালা ও ভবিষ্যতে মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অবশ্যই পালন করবে মর্মে মুচলেকাও দিতে বলা হয় চিঠিতে। এসব শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি স্থগিত রাখা হবে বলে হুঁশিয়ারি করা হয়।
চলতি বছরের জানুয়ারি থেকে ইউএসটিসির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নিবন্ধনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে তাঁরা একাডেমিক কার্যক্রম ও হাসপাতাল বন্ধ করে দেন। সর্বশেষ গত সোমবার ইউএসটিসির সহ-উপাচার্য নুরুল আবছার ও রেজিস্ট্রার বদরুল আমিন ভূঁইয়া পদত্যাগপত্র জমা দেন।
এ বিষয়ে বদরুল আমিন ভূঁইয়া বলেন, ‘আমরা স্বেচ্ছায় পদত্যাগ করিনি। ওই পদত্যাগ গৃহীতও হয়নি। শিক্ষার্থীরা জোর করে ওই পদত্যাগপত্রে আমাদের সই নেয়। আমরা এখন বিএমডিসির সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব তাদের নিবন্ধনের ব্যবস্থা করব।’