শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা কঠিন কাজে বিশ্বাসী। কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কোনো দল বা গোষ্ঠীকে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না। দেশবিরোধীচক্র হরতাল দিয়ে যাতে আর কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সে জন্য আমি অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন জনসাধারণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।’ গতকাল শনিবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাণীগ্রাম বহরগ্রাম উচ্চবিদ্যালয়ে ‘এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙচুরসহ সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে— উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭১ সালে দীর্ঘ মুক্তি সংগ্রামের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। যারা এ দেশের সূচনালগ্নে স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে, তারা হরতাল-ভাঙচুর-অগ্নিসংযোগ করছে। আবার হরতাল ডেকে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশের মানুষ এদের চিনতে ভুল করবে না। অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনির উদ্দিন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার বদরুল ইসলাম বক্তব্য দেন।