শিক্ষার্থীদের পদচারণে প্রাণবন্ত মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার সকালে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের উদ্বোধন হয় রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে। ছবি: মঈনুল ইসলাম
আজ শুক্রবার সকালে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের উদ্বোধন হয় রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে। ছবি: মঈনুল ইসলাম

বিদ্যালয় ভবনের সামনে বিশাল খোলা মাঠ। টানানো হয়েছে শামিয়ানা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাকে ছুটে আসছে। তাদের উপস্থিতিতে উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত। আজ শুক্রবার রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে উদ্বোধন হলো এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব।

উৎসব উদ্বোধনের অনেক আগে থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকেরাও এসেছিলেন। রংপুর আঞ্চলিক ভাষা প্রতিযোগে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট এই সাত জেলার ১৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে উৎসবে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগীদের পদভারে মুখরিত ছিল উৎসব প্রাঙ্গণ।

সকাল নয়টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান। একই সঙ্গে ভাষা প্রতিযোগ পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহলি। এরপর শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ভাষা প্রতিযোগের স্মারক বেলুন উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়।

আজ শুক্রবার সকালে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ উৎসবে আগত শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম
আজ শুক্রবার সকালে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ উৎসবে আগত শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, সরকারি শ্রীনগর কলেজের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন-অর-রশীদ এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে প্রথম আলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের চর্চা আরও এগিয়ে যাবে।
উদ্বোধনের পর শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে শ্রেণিকক্ষে চলে যায়। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত চার বিভাগে ৪০ মিনিটের মূল্যায়ন পরীক্ষা শেষে খোলা মাঠের মঞ্চে প্রশ্নোত্তরপর্ব শুরু হবে।