‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পাখিমেলা। নানা আয়োজন আর পাখিপ্রেমীদের পদচারণে মুখর ছিল এ মেলা।
সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রাণীবিদ্যা বিভাগ আয়োজিত পাখিমেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন। ২০০১ সাল থেকে প্রতিবছর শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মতিন বলেন, অব্যাহতভাবে বন উজাড় ও প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের ফলে পাখির ১১ শতাংশ প্রজাতি আজ বিলুপ্তির পথে। পাখি সংরক্ষণে সবাইকে এখনই সচেতন হতে হবে। গণসচেতনতা তৈরির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবছরের মতো এ বছরও পাখিমেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরী, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, মেলার আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তফা ফিরোজ প্রমুখ।
মেলায় টেলিস্কোপে পাখি দেখার ব্যবস্থা ছিল। এ ছাড়া ছিল আন্তবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে। শিশুদের জন্য ছিল পাখি আঁকা প্রতিযোগিতা। এতে প্রায় ২০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ ছাড়া মেলায় আটটি স্টলে পাখির আলোকচিত্র এবং এ-সংক্রান্ত পত্রপত্রিকা প্রদর্শিত হয়।
পাখিমেলায় এ বছরই প্রথম দুর্লভ এবং বিলুপ্তপ্রায় পাখিদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য চারজনকে ‘বিগ বার্ড অব দ্য ইয়ার’ সমঞ্চাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বন কর্মকর্তা মনির খান এবং শৌখিন পাখিবিশারদ তানিয়া খান, রেজাউল হাফিজ ও কিরণ খান।