শিক্ষার্থীদের পদচারণে মুখরিত স্কুল প্রাঙ্গণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর স্কুলগুলোতে পুরোদমেই ক্লাস শুরু হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও ক্লাস চলছে। আজ শনিবার রাজধানীর কয়েকটি স্কুল ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের পদচারণে মুখরিত স্কুল প্রাঙ্গণ। বার্ষিক ছুটি ও রাজনৈতিক অস্থিরতার কারণে বেশ কিছুদিন ঘরে আটকা থাকার পর আবারও বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা আর ছোটাছুটিতে ব্যস্ত তারা।

সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার বছরের প্রথম ক্লাস শুরু হয়েছে। ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ সত্ত্বেও ক্লাস শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। রাজধানীর অনেক স্কুলেই ওই দিন ক্লাস শুরু হয়। কয়েকজন শিক্ষক জানান, শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে ছুটির দিনেও ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম ‘প্রথম আলো’কে বলেন, ‘আমরা নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছি। ইতিমধ্যে শিক্ষার্থীদের ডায়েরি ও সিলেবাস দেওয়া হয়েছে। ১৮ দলের অবরোধ চলাকালে বৃহস্পতিবার ক্লাস শুরু করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আজ সরকারি ছুটির দিনেও ক্লাস চালানো হচ্ছে।’ তিনি আরও বলেন, হরতাল-অবরোধের সময় স্কুল খোলা থাকে। সব শিক্ষকেরা অফিসে উপস্থিত থাকেন। কোনো শিক্ষার্থী স্কুলে এলে ক্লাস নেওয়া হয়। তবে শিক্ষার্থীদের ক্ষতির কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হরতাল-অবরোধের আওতামুক্ত রাখতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
কথা হলো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক রানী আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা তো দেশ নিয়ে ইতিবাচক ভাবি। কিন্তু নেতারা তো ভাবেন না।’
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ হাসান সাজ্জাদ বলে, ‘গত বছর হরতালের কারণে পরীক্ষা পেছায়। এতে আমাদের সমস্যায় পড়তে হয়। আমরা ক্লাসে আসতে পারি না।’

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে কথা হয় অভিভাবক ব্যবসায়ী মনির হোসেনের সঙ্গে। তিনি বাড্ডা এলাকায় বসবাস করেন। হরতাল-অবরোধে মেয়েকে স্কুলে পাঠাতে সাহস পান না জানিয়ে বলেন, ‘কখন কি হয় ঠিক নেই। কোন সাহসে মেয়েকে স্কুলে পাঠাব। কে নিরাপত্তা দেবে? এতে তার ক্ষতি হলেও কিছু করার নেই।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুই নেত্রী শুধু নিজেদের স্বার্থে আন্দোলন করেন। তাঁদের ঘর থেকে বের হয়ে দেখা উচিত হরতাল-অবরোধে মানুষের কত সমস্যায় পড়তে হয়।’
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী তাসনুহা সরাসরি বলে, ‘আমরা হরতাল-অবরোধ চাই না। আমরা সুষ্ঠুভাবে ক্লাস করতে চাই।’

খিলগাঁওয়ের গৃহিণী সেলিনা পারভীন জানান, তাঁর মেয়ে ভিকারুননিসায় চতুর্থ শ্রেণীতে পড়ে। দেশের পরিস্থিতি খারাপ থাকলে মেয়েকে ঘর থেকে বের হতে দিতে সাহস পান না তিনি। তিনি বলেন, এবার বন্ধের দিনেও ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। এতে মেয়েরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

প্রিপারেটরি স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক রুমা আকতার ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘নেতাদের ছেলেমেয়েরা তো দেশের বাইরে পড়ে। দেশের ছেলেমেয়েদের কথা তাঁরা কেন ভাববেন? তাঁরা তো ভাববেন কীভাবে ক্ষমতায় যেতে হয়, কিংবা কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য কীভাবে আন্দোলনের নামে হরতাল-অবরোধ দিয়ে মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে হয়।’
নতুন বছরে রাজনৈতিক সহিংসতা কমে আসবে, শিক্ষার্থীরা নতুন উদ্যমে লেখাপড়া চালিয়ে যাবে এমনটি আশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।