শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ ও অন্যান্য সামাজিক সমস্যা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার করিমগঞ্জ কলেজ মাঠে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে নিজের মেধা ও শ্রম কাজে লাগানোর শপথ নেওয়ার মধ্য দিয়ে অলিম্পিয়াডের সমাপ্তি ঘটে। ‘পরিবেশ রক্ষাই সবার সুরক্ষা’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), করিমগঞ্জ উপজেলা পরিবেশ অলিম্পিয়াড আয়োজক কমিটি ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার যৌথভাবে এ অলিম্পিয়াডের আয়োজন করে। কলেজ মাঠে সকাল আটটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলার ৩০টি স্কুল-কলেজের ৮৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই পরিবেশ অলিম্পিয়াডে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মুজিবুল হক। তিনি বলেন, বিশ্ব পরিবেশ আজ হুমকির মুখে। বাংলাদেশও এর বাইরে নয়। এসব বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা রাখতে হবে। অলিম্পিয়াডের শুরুতে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার পর পরিবেশ বিষয়ে ৫০ মিনিটের একটি লিখিত পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন। অনুষ্ঠানটির সমন্বয়ের দায়িত্বে ছিলেন বিধান চন্দ্র পাল। পরে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জনাব আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ গোলাম কবির, পৌরসভার মেয়র আবদুল কাইয়ুম, দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়কারী জয়ন্ত কর প্রমুখ। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা, অন্যদের সচেতন করা এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে নিজের মেধা ও শ্রম কাজে লাগানোর শপথ নেওয়ার মধ্য দিয়ে অলিম্পিয়াড শেষ হয়।