কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী ও আয়াকে যৌন নিপীড়ন এবং প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শনিবার শ্রেণীকক্ষ ও পরীক্ষা বর্জন করেছে। তারা বিক্ষোভও করেছে।
বিদ্যালয় থেকে জানা গেছে, গতকাল ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ বর্জন করে এবং সেই সঙ্গে জেএসসি পরীক্ষার মডেল টেস্ট বর্জন করে ১৬৫ জন শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মেহেদী হাসান ও পরিচালনা পর্ষদের আরেক সদস্য আবদুস ছোবানের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে। এর আগে গত বৃহস্পতিবার ওই দুজন সদস্যের বিচার চেয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর লিখিত আবেদন করে শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক মঈন উদ্দিন খান জানান, ‘মেহেদী যৌন নিপীড়নের দায়ে ক্ষমা প্রার্থনা করার পরও তিনি ও ছোবান গত ৩০ সেপ্টেম্বর আমার সঙ্গে খারাপ আচরণ করেন।’ মেহেদী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া ছোবানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।