নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষÿসংকট তীব্র আকার ধারণ করেছে। এ কারণে অনেক শিক্ষার্থীকে শৌচাগারের কাছে গাছতলায় পাঠদান করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শহরের নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের পুরোনো ও নতুন দুটি ভবন রয়েছে। এর মধ্যে একটি ভবনে দুটি এবং অপরটিতে তিনটি শ্রেণিকক্ষ আছে। বিদ্যালয়ের পুরোনো ভবনের তিনটি কক্ষের মধ্যে একটি শিক্ষকদের অফিস এবং অপর দুটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক আটজন ও শিক্ষার্থী ২৯২ জন। দুই পালায় পাঠদান করা হচ্ছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, প্রথম পালায় শিশু, প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির পাঠদান চলছিল। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের আকৃতি ছোট হওয়ায় পঞ্চম শ্রেণির ৪৭ জন শিক্ষার্থীর একসঙ্গে বসার স্থান সংকুলান হয় না। এ কারণে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দুটি অংশে বিভক্ত করে ক্লাস করাতে হচ্ছে। একটি অংশের শিক্ষার্থীদের বিদ্যালয় চত্বরে গাছতলায় শৌচাগারের কাছে পাঠদান করা হচ্ছে। এ ছাড়াও পুরোনো ভবনের মেঝে দেবে গেছে। মেঝেতে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যেই নিয়মিত ক্লাস করছে শিশুরা।
পঞ্চম শ্রেণির ছাত্র আশরাফুল খান প্রথম আলোকে বলে, আগে এলে শ্রেণিকক্ষের ভেতরে বেঞ্চে বসার সুযোগ পাওয়া যায়। দেরিতে এলে বাইরে গাছতলায় ক্লাস করতে হয়। সেখানে শৌচাগারের দুর্গন্ধ আসে। বমি বমি লাগে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোমায়রা খানম বলেন, বিদ্যালয়ের পুরোনো ভবনের ছোট একটি কক্ষে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর একসঙ্গে বসার জায়গা হয় না। এ কারণে দুই ভাগে বিভক্ত করে পাঠদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি অংশ শ্রেণিকক্ষের ভেতরে এবং অপর অংশের পাঠদান করা হয় গাছতলায়, শৌচাগারের কাছে। এ ছাড়া অন্য কোথাও খোলা জায়গা নেই।
প্রধান শিক্ষক মির্জা জহুরা আক্তার বলেন, বাইরে পাঠদানে শিশু শিক্ষার্থীদের তেমন মনোযোগ থাকে না। এদিক-ওদিক তাকায়। এ ছাড়া সামান্য বৃষ্টি এলেই ক্লাস করানো বন্ধ রাখতে হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি, অবিলম্বে ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের বরাদ্দ পাওয়া যাবে।