শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে শোভাযাত্রা
বরগুনায় বৃক্ষমেলা উপলক্ষে গতকাল বুধবার শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে শোভাযাত্রায় অংশগ্রহণ করানোর ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের বেশ কয়েকটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে। এরপর শোভাযাত্রা শুরু হয়। ভাপসা গরমের পাশাপাশি রোদ-বৃষ্টির মধ্যে অপেক্ষমাণ খুদে শিক্ষার্থীদের এ সময় অস্বস্তি পোহাতে দেখা যায়। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে বৃক্ষমেলা আয়োজনসংক্রান্ত সভায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শোভাযাত্রায় অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুসারে আমরা শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছি।’বিষয়টি যৌক্তিক কি না জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, বিষয়টি দৃষ্টিকটু হলেও প্রতিবছর এ ধরনের শোভাযাত্রা হয়ে আসছে।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘শোভাযাত্রায় শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তবে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে আমরা সতর্ক হব।’