শিক্ষার্থীদের পিটুনির জের ধরে বিদ্যালয় বন্ধ
তিন দিন ধরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা উচ্চবিদ্যালয় বন্ধ রয়েছে। শিক্ষকদের গণপিটুনির জের ধরে শিক্ষার্থীরা গত মঙ্গলবার বিদ্যালয়ের আসবাব ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর পরপরই বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়।বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা জানায়, গত রোববার দুপুরে তাদের শ্রেণীকক্ষের সামনের বারান্দায় রাখা কলস থেকে পানি খাওয়ার সময় হুড়োহুড়ি শুরু হয়। এ সময় একজনের হাত থেকে কলসটি পড়ে যায়। এতে অন্যরা ক্ষিপ্ত হয়ে কলসটি লাথি মেরে চেপটা করে ফেলে। এ খবর প্রধান শিক্ষক শোনার পর তিনিসহ কয়েকজন শিক্ষক অনেকগুলো বেত নিয়ে নবম শ্রেণীর কক্ষে ঢোকেন। এ সময় শিক্ষার্থীরা কলস চেপটা করার কথা স্বীকার করে। এর পরপরই ১৪ জন শিক্ষক ছাত্রছাত্রীদের পেটাতে শুরু করেন।নির্যাতিত শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রায় ৮০ জন ছাত্রছাত্রীকে বেধড়ক পেটানোর সময় ২০টির বেশি বেত ভেঙে যায়। পরে তারা মাঠের এক কোণে জড়ো হলে শিক্ষকেরা তাদের ধাওয়া করে তাড়িয়ে দেন।জানা যায়, ঘটনা জানার পর অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। গত মঙ্গলবার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণীকক্ষের আসবাব ভাঙচুর ও বাগানের বেড়া খুলে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রধান শিক্ষকসহ অধিকাংশ শিক্ষক অনুপস্থিত ছিলেন। অভিযুক্ত শিক্ষকদের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে। এতে অভিভাবকেরাও যোগ দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দিনই ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সভা করে বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।প্রধান শিক্ষক গোলাম মোহামঞ্চদ শিক্ষার্থীদের পেটানোর কথা অস্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতার কারণেই এ ঘটনা ঘটেছে। এর জন্য আমরা শিক্ষকেরা দায়ী নই।’বিদ্যালয় কমিটির সভাপতি আবু মোহামঞ্চদ মাসুদ প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকার ছাত্রছাত্রীদের মারধর করা নিষেধ করেছে। তার পরও কেন শিক্ষকেরা এ কাজ করলেন বুঝতে পারছি না।’ আগামী শনিবারের মধ্যে সমস্যার সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের মারধরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই বিদ্যালয়ের কোনো শিক্ষক, ছাত্র বা অভিভাবক না জানালেও বিষয়টি আমি অন্য জায়গা থেকে শুনেছি।’