শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার আহ্বান নূরের
শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হওয়ারও আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন। এতে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আসাদুজ্জামান নূরের হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সময় মন্ত্রী নূর শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্ম-বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। এই স্বাধীন দেশের তোমরা সূর্যসন্তান।
এরপর বেলা সাড়ে ১১টায় মন্ত্রী নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত শহীদ মিনারের ফলক উন্মোচন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে সাংসদের স্বেচ্ছা তহবিলের ৭৫ হাজার টাকা ৭২ জনের মাঝে বিতরণ করেন।