শিক্ষার্থীদের প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ যাতায়াত নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে।
গতকাল বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচির পাশাপাশি এক ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের মধ্যকার ‘আবর্জনা পরিষ্কারে’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করতে তাঁদের এই প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান।
অন্যদিনের মতো গতকালও সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। বেলা ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের পর তাঁরা ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ১৭টি দলে ভাগ হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক, শহীদ মিনার, গোলচত্বর, গ্যালারি, আবাসিক হলের বর্ধিতাংশ ও কেন্দ্রীয় মিলনায়তন থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এক ঘণ্টা পরিচ্ছন্নতা অভিযানের পর শিক্ষার্থীরা আবার গোলচত্বরে অবস্থান নেন।
রায়হান রোমান নামের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, এটি একটি প্রতীকী অভিযান। শিক্ষার্থীরা যেভাবে ক্যাম্পাসের দৃশ্যমান আবর্জনাগুলো পরিষ্কার করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সেভাবে প্রশাসনের মধ্যকার ‘আবর্জনা’ দূর করবে, সেটাই তাঁদের প্রত্যাশা।
শিক্ষার্থীরা জানান, আন্দোলনে নতুনত্ব আনতে বৃহস্পতিবার (আজ) থেকে অবস্থান কর্মসূচির পাশাপাশি পথনাটক, সভা ও সংগীত পরিবেশন করা হবে।
গত ২৯ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনায় চুয়েটের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের মৃত্যুর পর থেকে নিরাপদ যাতায়াত নিশ্চিত করাসহ আট দফা দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অটল ভৌমিককে নাজেহাল করার অভিযোগ ওঠে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহার বিরুদ্ধে। এরপর থেকে তাঁর পদত্যাগের দাবিও শুরু করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে অটল ভৌমিক বলেন, এখনো দোষী চালক গ্রেপ্তার হয়নি। শিক্ষার্থীরা বিআরটিসির পাঁচটি বাস দাবি করলেও কর্তৃপক্ষ তিনটি বাস দিচ্ছে। এ ছাড়া ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে।
উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের কাজ চলছে। কিন্তু শিক্ষার্থীরা এখনো শ্রেণিকক্ষে ফিরে আসছে না।