শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ সড়কের গর্তে মাছ চাষ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক নামে খ্যাত সোনাপুর-থানারহাট-সুবর্ণচর সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করার প্রতিবাদে সড়কের গর্তে মাছ চাষের প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার দুপুরে সোনাপুর জিরো পয়েন্টে শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন। একই সময় শিক্ষার্থীরা সড়ক সংস্কারের দাবিতে একই স্থানে সড়কে মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা সড়ক সংস্কারে সাত দিনের আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে সড়ক সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা গেলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েক শ শিক্ষার্থী হাতে ব্যানার, পোস্টার ও প্লেকার্ড নিয়ে জিরো পয়েন্টে জড়ো হন। শিক্ষার্থীরা এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সড়কের দুই ধারে হাতে হাত রেখে মানববন্ধন রচনা করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সাত দিনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরুর দাবি জানান। এ সময় জিরো পয়েন্ট এলাকার ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষকেও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার একমাত্র এই সড়কটি যানবাহন চলাচলে সম্পূর্ণ অনুপযোগী। সড়ক দিয়ে যান্ত্রিক যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে যাতায়াতও দুরূহ।
দুই বছরে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে একাধিকবার এক মাসের মধ্যে সড়কটি সংস্কারের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে কিছুই হয়নি। এতে দিন দিন সড়কের অবস্থা আরও খারাপ হয়ে যায়। সড়কের দুরবস্থার কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাতায়াতের পর চরমভাবে ক্লান্ত হয়ে পড়েন। এতে পড়ালেখায় বিঘ্ন ঘটে।