শিক্ষার্থীদের প্রথম দায়িত্ব ভালো মানুষ হওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, লেখাপড়া কেবল পরীক্ষার খাতায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। নীতি-নৈতিকতার সমন্বয়ে নিজের ভেতরে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের প্রথম দায়িত্ব হলো, ভালো মানুষ হওয়া। এ জন্য পাঠদানপদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট ডিগ্রি কলেজের নতুন প্রশাসনিক ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, অন্য পেশার পাশাপাশি ছেলেমেয়েদের একজন ভালো শিক্ষক হতে অনুপ্রাণিত করাও অভিভাবকের দায়িত্ব। কারণ, ভালো শিক্ষকই পারবেন ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। শিক্ষার সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য লালন করতে হবে।
নাজিরহাট কলেজ উন্নয়ন কমিটির সভাপতি নাদের খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জাম হোসাইন, কলেজের অধ্যক্ষ এস এম নুরুল হুদা, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরী, চিকিৎসক নিজাম মোরশেদ প্রমুখ।
সমাবেশের আগে মন্ত্রী কলেজ অভ্যন্তরের মাঠে ফলক উন্মোচন করে নতুন প্রশাসনিক ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।