শিক্ষার্থীদের প্রহারের ঘটনা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারীতে শিক্ষার্থীদের গণপ্রহারের ঘটনা তদন্তের জন্য গত বুধবার বিকেলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ‘খ’ শাখার ১৫ জন শিক্ষার্থী আদিতমারীর ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়। এতে অভিযোগ করা হয়, শিক্ষক ছফিয়ার রহমানের কাছে ইংরেজি বিষয়ে প্রাইভেট না পড়ায় গত সোম ও মঙ্গলবার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের গণপ্রহার করা হয়েছে।
এ ব্যাপারে আদিতমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমি অভিযোগকারী শিক্ষার্থী, অভিভাবক, অভিযুক্ত শিক্ষকসহ অন্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি। এর পরও প্রহারের কারণ ও অন্যান্য পারিপার্শ্বিকতা জানতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছি।’
এদিকে শিক্ষার্থীদের প্রহারের অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রদর্শক কাম ইংরেজির শিক্ষক ছফিয়ার রহমানকে দশম শ্রেণির ‘খ’ শাখার ইংরেজি বিষয়ের পাঠদানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়ায় ছফিয়ার রহমানের পক্ষের লোকজন এবং কলেজছাত্ররা অভিযোগকারী শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে দশম শ্রেণির ‘খ’ শাখার শিক্ষার্থী আলমগীর হোসেন, লতিফুল ইসলাম ও নাজির হোসেন বলে, ‘ছফিয়ার স্যারের বিচার দাবি করে জেলা প্রশাসককে অভিযোগ করায় ছফিয়ার স্যারের লোকজন ও কলেজের কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে গেলে আমাদের মারধর করবে বলে হুমকি দিচ্ছে।’
শিক্ষক ছফিয়ার রহমান গত সোম ও মঙ্গলবার ক্লাসে শিক্ষার্থীদের গণপ্রহার করেছেন বলে অভিযোগ ওঠে।