শিক্ষার্থীদের বই ও গাছের চারা দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বুধবার বই ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ওই বিদ্যালয়ের ৭৯১ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পরদিন পুরস্কার বিতরণের উদ্যোগ নেওয়া হলেও প্রধান অতিথি জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস ব্যস্ততার কারণে সময় দিতে না পারায় গতকাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরেজমিনে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং শিক্ষার্থীদের মধ্যে বই ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের নেতা ইরাদ কোরাইশী। এতে বক্তব্য দেন রাশিদা ফেরদৌস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সদরের ইউএনও মুহাম্মদ শাহাদত খন্দকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাদ কোরাইশী প্রমুখ।
রাশিদা ফেরদৌস বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি যেমন, আবৃত্তি, সংগীত, নৃত্য এবং সাহিত্যচর্চাও করতে হবে। মেধা ও মননশীলতা বিকাশে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চার বিকল্প নেই।