চট্টগ্রাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার মুখে গতকাল সোমবার সকালে কলেজের অধ্যক্ষ রেজাউল কবির ক্যাম্পাস ছেড়ে যান। ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদ গত ২১ জুন থেকে অধ্যক্ষের অপসারণসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছে। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, মাসিক বেতনের টাকা কমানো, ছাত্র মিলনায়তন প্রতিষ্ঠা, শিক্ষক নিয়োগের নামে আত্মীয়করণ বন্ধ অন্যান্য দাবির মধ্যে উল্লেখযোগ্য।প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল সকালে অধ্যক্ষ কলেজে প্রবেশ করতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে শুয়ে পড়েন। তখন তিনি তাঁদের পাশ কাটিয়ে নিজ কক্ষে না গিয়ে সরাসরি শিক্ষক মিলনায়তনে চলে যান। শিক্ষার্থীরা তখন অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে তিনি পুলিশের সহযোগিতায় ক্যাম্পাস ছেড়ে যান। ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার হাসান বলেন, অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।এদিকে এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন চট্টগ্রাম ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন এবং সাধারণ সম্পাদক অমল দাশ।