জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের বাধার মুখে নয়টি ঝাউ ও পাইনগাছ কাটা আপাতত রক্ষা পেয়েছে। গতকাল বুধবার সকালে এগুলো কাটতে গেলে হলের ছাত্ররা বাধা দেন।হলের শিক্ষার্থীরা জানান, গতকাল সকালে শিক্ষার্থীরা হলের ‘এ’ ব্লকের মাঠে একটি ঝাউগাছ কাটতে দেখেন। এ সময় তাঁরা গাছ কাটতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন, প্রশাসনের নির্দেশে ওই গাছটিসহ হলের আরও নয়টি ঝাউ ও পাইনগাছ কাটা হবে। পরে হলের অর্ধশতাধিক শিক্ষার্থী প্রাধ্যক্ষ মো. এমদাদুল হকের বাসভবনে গিয়ে গাছ না কাটার জন্য অনুরোধ করেন। এরপর হলের আবাসিক শিক্ষক কবিরুল বাসার ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন এবং আশ্বাস দেন আপাতত আর গাছ কাটা হবে না।কবিরুল বাসার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গাছ কাটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।১ জুন গ্রীষ্মকালীন ছুটির পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছ কাটতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গাছ কাটা বন্ধের দাবিতে গত শনিবার পরিবেশ সংরক্ষণ আন্দোলনের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেন।