শিক্ষার্থীদের বাসে স্থানীয় লোকজনের হামলা, আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী শিক্ষাসফরের বাসে হামলা চালিয়েছে এলাকাবাসী। এতে শিক্ষকসহ ১৪ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী শিক্ষার্থীদের বহনকারী বাসটিও ভাঙচুর করে। এদিকে, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় অক্সিজেন-নাজিরহাট সড়ক প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষকেরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত শিক্ষকেরা হলেন: বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষক কলিম উদ্দিন ভূঁইয়া, সিরাজুল হক ও শ্যামল কর্মকার। শিক্ষার্থীরা হলেন: পাপন, জোবায়ের, ইমন, তানভীর, সাদ্দাম, অপূর্ব, সাদিয়া, ওয়াহিদ, শিশির, চয়ন ও সামিন। তাঁরা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীরা গতকাল সকালে রাঙামাটিতে শিক্ষাসফরে যান। ক্যাম্পাসে ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী বাসটির সঙ্গে রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকায় একটি মোটরবাইকের ধাক্কা লাগে। এর জের ধরে স্থানীয় লোকজন বাসটিতে হামলা করে।