প্রথম বর্ষে ভর্তির এক বছর পেরিয়ে গেলেও নিবন্ধন না হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অতিরিক্ত ভর্তি হওয়া ৪৭৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ। এমনকি তাদের প্রথম বর্ষের বছর শেষের পরীক্ষাতেও অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পাওয়ায় গত শনিবার থেকে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবারও খানজাহান আলী সড়কে দুই পাশের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
২০১৩-১৪ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ড সিটি কলেজ কর্তৃপক্ষকে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে ১ হাজার ৪০০ শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দিলেও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে তা ৯০০-তে নামিয়ে আনে। কিন্তু বোর্ডের অনুমতির বাইরে গিয়ে কলেজ কর্তৃপক্ষ এ বছরও ১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী ভর্তি করে।
অভিযোগ আছে, ছাত্রলীগের ভর্তি-বাণিজ্যের কারণে অনেকটা চাপে পড়ে কলেজ কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এ অবস্থায় নিবন্ধনের সময় অতিরিক্ত ভর্তি হওয়া শিক্ষার্থীরা বাদ পড়লে এক দফা আন্দোলনে যায় তারা। সে সময় স্থানীয় সাংসদ মিজানুর রহমান মিজান বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন।