শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উপাচার্যের বাসভবন ও (ভিসি) হল প্রাধ্যক্ষদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। অপরদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের কর্মীরা।জানা যায়, গত ২৯ নভেম্বর আবাসিক হলের প্রাধ্যক্ষ পরিষদের সভায় দুপুর ও রাতের খাবারের মূল্য ১৩ ও ১৬ টাকা থেকে বাড়িয়ে যথাক্রমে ১৬ ও ২০ টাকা করা হয়। এর পরই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা অভিযোগ করেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা বলেন, খাবারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এ ছাড়া প্রাধ্যক্ষদের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকে। সোমবার রাতেই শাহ্ মখদুম, নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমীর আলী হলের ডাইনিং বন্ধ করে দেন তাঁরা।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে নবাব আব্দুল লতিফ হলের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন। এ অবস্থায় রাতেই বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা লতিফ হলে গিয়ে জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে তাঁরা আগের সিদ্ধান্তের কথাই জানান। এ ঘোষণায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা প্রাধ্যক্ষদের লতিফ হলের ভেতর অবরুদ্ধ করে রাখেন। প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় আগের হিসাব অনুযায়ী ডাইনিংয়ে খাবার পরিবেশন করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের বিক্ষোভ ও ছাত্রলীগের মারধরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।