ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি এবং নিজেদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল রোববার শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি গতকালও অব্যাহত ছিল।গতকাল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে সকাল আটটা থেকে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করেন। দুপুর একটা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন। দুপুর একটার সময় তালা খুলে নেওয়া হয়। বেলা পৌনে ১১টার দিকে শিক্ষার্থীরা ছাত্রাবাসের কিছু পুরোনো আসবাব প্রশাসনিক ভবনের সামনে জড়ো করে আগুন ধরিয়ে দেন। পরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসব কর্মসূচির ফাঁকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি এবং নিজেদের নিরাপত্তার দাবিতে ক্যাম্পাসে খণ্ড খণ্ড মিছিল করেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, আজ দুপুরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে। ইন্টার্ন চিকিৎসকেরা জানান, বিশেষ দল গঠন করে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁরা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।