শিক্ষার্থীদের বিক্ষোভ ক্লাস বর্জন
রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছে। এডহক কমিটি বাতিল, সীমানাপ্রাচীর নির্মাণসহ বিদ্যালয়ের উন্নয়নের দাবিতে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত তারা ওই কর্মসূচি পালন করে। ১৯৬৮ সালে ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জন। শিক্ষক-কর্মচারী ১৯ জন। ২০০০ সালে বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মিত হলেও পাঠদানের টিনশেড কক্ষগুলোর অবস্থা নাজুক। নেই সীমানাপ্রাচীর। পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। নেই বিদ্যুৎ, নেই মেয়েদের কমনরুম।সহকারী প্রধান শিক্ষক আবদুর রউফ বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করব।’ এডহক কমিটির সভাপতি ডলু শাহ বলেন, ‘কিছু লোক আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের উসকে দিয়েছে।’