জামালপুরের সরিষাবাড়ীর চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গতকাল শনিবার পাঠ গ্রহণ বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে তারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। আওয়ামী লীগের এক নেতার পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় তাঁর উসকানিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষার্থী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ওই বিদ্যালয়ে গত শুক্রবার প্রধান শিক্ষক নিয়োগ বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। ১০ জন এই পরীক্ষায় অংশ নেন। পরে মো. সৈয়দুজ্জামানকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। কিন্তু বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজয় কর ভৌমিকের পছন্দের প্রার্থী নির্বাচিত না হওয়ায় তিনি শিক্ষার্থীদের উসকে দেন। গতকাল সকাল ১০টার দিকে কিছু শিক্ষার্থী ঘণ্টা বাজিয়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করে। তারা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ করে। পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জামাল মিয়া ও রনি মিয়া বলে, ‘যোগ্য শিক্ষককে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আলম জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেওয়ায় পাঠদান বন্ধ রয়েছে।
এ ব্যাপারে জানতে অজয় কর ভৌমিকের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোজাম্মেল হক জানান, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় সৈয়দুজ্জামান প্রথম হওয়ায় তাঁকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ের ভেতরে ও বাইরে একটি পক্ষ শিক্ষার্থীদের উসকে দেওয়ায় তারা (শিক্ষার্থীরা) বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইলাহী আখন্দ জানান, নিয়োগ পরীক্ষায় সৈয়দুজ্জামান প্রথম হয়েছেন। তাই তাঁকেই নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীদের যাঁরা উসকে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।