শিক্ষার্থীদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা গতকাল রোববার বিক্ষোভ ও আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীরা বলছে, কোচিং ফি না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না—বিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘোষণা দেওয়ায় তারা বিক্ষোভ করেছে। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকরাম হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার শেখ মোর্তজা আলী উচ্চবিদ্যালয় থেকে এবার ৪১২ জন এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে যারা টেস্ট পরীক্ষায় এক বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি, তাদের কাছ থেকে ফরম পূরণ বাবদ চার হাজার টাকা নেওয়া হয়। গতকাল তাদের কাছে কোচিং ফি বাবদ এক হাজার ২০০ টাকা দাবি করে স্কুল কর্তৃপক্ষ। এই টাকা দেওয়া না হলে পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হবে না বলে জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা টাকা দিতে অস্বীকার করে এবং দুপুর থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে বিকেল পৌনে চারটার দিকে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এএসআই আকরাম হোসেন বলেন, স্কুলের শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল হক বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার আগেই তাদের স্কুলে ফিরিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীরা কেন বিক্ষোভ করেছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি সাক্ষাতে আলাপ হবে বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।