‘অর্ডিন্যান্স ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস’-এর একটি ধারা বাতিলের দাবিতে সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল রোববারও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে দিনভর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষক ও কর্মকর্তাদের তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের কাঁঠালতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক ভবনের দিকে এগোতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধা দেয়। তখন শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়েন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিলে শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।দুপুর সাড়ে ১২টার দিকে অবরুদ্ধ শিক্ষক ও কর্মকর্তাদের উদ্ধারে পুলিশ এগিয়ে আসে। তবে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে এগিয়ে গেলে পুলিশ পিছু হটে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত জানায়। এরপর শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে প্রশাসনিক ভবনের তালা খুলে দেয়। তবে দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শিক্ষার্থীরা।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠকের প্রক্রিয়া চলছে। সেখানেই পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত হবে।’ ২০০৯-১০ এবং ২০১০-১১ শিক্ষাবর্ষের কৃষি, মাৎস্য, কৃষি অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স—এই চারটি অনুষদের আটটি ব্যাচের কয়েক শ শিক্ষার্থী ‘অর্ডিন্যান্স ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস’-এর একটি ধারা বাতিলের দাবিতে গত বুধবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।