গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় দুটি বিদ্যালয়ের পাশ দিয়ে ৩৩ কেভির বিদ্যুৎ লাইনের নির্মাণকাজ চলছে। এর প্রতিবাদে গতকাল বুধবার সকালে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা। এ সময় তারা একটি আঞ্চলিক সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে।
এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় নামে পাশাপাশি দুটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ১ হাজার ২০০ জন। দুটি বিদ্যালয়েই ছয়তলা ভিত্তির ওপর পাঁচতলা ভবন নির্মাণের কাজ চলছে। কিন্তু বিদ্যালয়ের পাশ দিয়ে ৩৩ কেভির বিদ্যুৎ লাইন নির্মাণকাজ শুরু করেছে মাহমুদ ডেনিম নামের একটি শিল্পপ্রতিষ্ঠান। ওই বিদ্যুৎ লাইন স্থাপন করা হলে দুটি বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ হয়ে যাবে। এ ছাড়া সরু সড়ক দিয়ে ৩৩ কেভির লাইন স্থাপনের কারণে দুর্ঘটনার আশঙ্কাও থাকবে। এ অবস্থায় গত মঙ্গলবার সকালে দুটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকেরা সভা করেন। সভা শেষে ওই দিনই দুটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেখানে ৩৩ কেভির লাইন নির্মাণ না করার জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর দুটি পৃথক আবেদন করেন। এ সত্ত্বেও গতকাল সকালে পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন ওই লাইনের নির্মাণকাজ শুরু করেন। খবর পেয়ে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে ক্লাস থেকে বেরিয়ে যায়। পরে তারা বিক্ষোভ শুরু করলে কাজ বন্ধ রেখে বিদ্যুৎ লাইন নির্মাণের শ্রমিকেরা চলে যান। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল সফিপুর-করতোয়া সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করতে থাকে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন পরিবহনশ্রমিক ও যাত্রীরা। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুদ্দিন খান বলেন, ২০ কোটি টাকা ব্যয়ে দুটি বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। কিন্তু এর পাশ দিয়ে ৩৩ কেভির লাইন নির্মাণ করা হলে ভবনের নির্মাণকাজ বন্ধ হয়ে যাবে। বিদ্যুতের লাইনটি মৃত্যুফাঁদে পরিণত হবে। তাই এটি নির্মাণ না করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে।
মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আবদুল জলিল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু করার নেই।’
পল্লী বিদ্যুৎ চন্দ্রা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু সাইদ বলেন, দুটি বিদ্যালয়ের পাশ দিয়ে যে বিদ্যুতের লাইন নির্মাণ করা হচ্ছে, তা মাহমুদ ডেনিম কারখানার বিষয়।
থানার এসআই খোরশেদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।