শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ময়মনসিংহের ফুলপুর ডিগ্রি কলেজের ডিগ্রি চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের ফি এক হাজার ৬২০ টাকা করে কমানো হয়েছে। শিক্ষার্থীরা আজ শুক্রবার ফরম পূরণ করতে পারবেন। এ জন্য বিশেষ ব্যবস্থায় আজ সোনালী ব্যাংকের ফুলপুর শাখা খোলা রাখা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, নিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রথম বর্ষের ফরম পূরণের ফি ধরা হয়েছিল পাঁচ হাজার ২১০ টাকা, দ্বিতীয় বর্ষের পাঁচ হাজার ৪১৫ ও তৃতীয় বর্ষের পাঁচ হাজার ৮৬০ টাকা।
কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীরা জানান, এ কলেজে ডিগ্রি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের শেষ দিন ছিল গতকাল। আট শতাধিক শিক্ষার্থীর ৪২৯ জন ইতিমধ্যে ফরম পূরণ করেছেন। বাকি শিক্ষার্থীরা গতকাল ফরম পূরণ করতে এসে এত টাকা দিয়ে ফরম পূরণ করতে পারবেন না বলে জানান। তাঁরা কলেজ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে বেলা আড়াইটার দিকে তালা ঝুলিয়ে দেন। এতে অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষকসহ ৩০ জন শিক্ষক এবং ২০ জনেরও বেশি কর্মচারী আটকা পড়েন।
এ ঘটনার পর রাতে কলেজে ইউএনওর উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে ফরম পূরণের ফি কমানো হয়। ইউএনও জানান, প্রতি শিক্ষার্থীর নয় মাসের বেতন (মাসিক ১৮০ টাকা করে) কমানো হয়েছে। এই হিসাবে প্রতি শিক্ষার্থীর ফরম পূরণের ফি ১৬২০ টাকা করে কমানো হলো।