শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক পুনর্বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নোয়াখালী শহরের মাইজদী বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানাকে গতকাল বুধবার নিজ পদে পুনর্বহাল করা হয়েছে। অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার স্কুল ব্যবস্থাপনা কমিটির এক সভায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয় এবং তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষককে পুনর্বহাল ও স্কুল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি মানছুরুল হককে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা গতকাল সকালে ক্লাস বর্জন করে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে এবং জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়। পরে জেলা প্রশাসক প্রধান শিক্ষককে নিজ পদে বহালের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়। বেলা একটার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়মা ইউনুছ ও জেলা শিক্ষা অফিসার কাজী সলিমউল্লা স্কুলে গিয়ে তালা ভেঙে প্রধান শিক্ষকের কক্ষ খুলে দেন। জানা যায়, দুই যুগেরও বেশি সময় ধরে স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। গত মার্চে কোনো ধরনের ভোটাভুটি ছাড়াই কমিটির সভাপতি নির্বাচিত হন মানছুরুল হক। তিনি জেলা জজ আদালতের জিপি হিসেবেও দায়িত্ব পালন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করেন, মানছুরুল হক গত ২ এপ্রিল দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষক নিয়োগসহ নানা বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন। ১৪ মে স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৭৪ জন প্রার্থীর মধ্যে একজন (সভাপতির নিকটাত্মীয় বলে পরিচিত) উপস্থিত না হওয়ায় তিনি এই পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন। এতে রাজি না হওয়ায় তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন এবং সভা ডেকে তাঁকে বরখাস্ত করেন। অভিযোগ অস্বীকার করে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানছুরুল হক দাবি করেন, প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত যথাযথ নিয়মেই নেওয়া হয়েছে। জানতে চাইলে প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা প্রথম আলোকে বলেন, ‘কোনো অনিয়ম করে থাকলে তার তদন্ত হবে। কিন্তু তথ্যপ্রমাণ ছাড়াই এভাবে সাময়িক বরখাস্ত করাটা উদ্দেশ্যমূলক।’ জেলা শিক্ষা অফিসার কাজী সলিমউল্লা বলেন, ১০ বছর ধরে স্কুলটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রোকেয়া সুলতানা। তাঁর বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ শোনা যায়নি। স্কুলের ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন হতে না-হতেই যত সমস্যা দেখা দিয়েছে। জেলা প্রশাসক সিরাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান শিক্ষকের কক্ষ খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোনো অনিয়ম থাকলে পরবর্তী সময়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।