ভীতি কাটিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানশিক্ষায় উৎসাহিত করতে হবে। আর এ জন্য প্রয়োজন বিজ্ঞানের আলো সবখানে ছড়িয়ে দেওয়া। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারি-বেসরকারি নানা পর্যায়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
গতকাল রোববার বগুড়ায় দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান জয়োৎসবে এসব মতামত দেন বিশিষ্টজনেরা। সকাল পৌনে নয়টায় বগুড়া কনভেনশন সেন্টার চত্বরে বিজ্ঞান জয়োৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। এর আগে জাতীয় সংগীত পরিবেশন করেন চর্চা সংগীত একাডেমীর শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্বের অনেক দেশ এগিয়ে গেছে। বাংলাদেশের সামনেও বিজ্ঞানের অপার সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগিয়ে বিজ্ঞানকে জয় করতে হবে। আর এ জন্য প্রয়োজন স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে বিজ্ঞানভীতি দূর করা। কারণ, তাদের মধ্যেই অনেক উদ্ভাবনী শক্তি লুকিয়ে আছে। এসব উদ্ভাবন শক্তি কাজে লাগাতে পারলে বিজ্ঞানে বিশ্বজয় আমাদের কেউ রুখতে পারবে না। প্রথম আলো-সিটি ব্যাংক যে উদ্যোগ নিয়েছে, বিজ্ঞানে বিশ্বজয়ের ক্ষেত্রে সেটাই একদিন মাইলফলক হবে।’
উদ্বোধনের পর প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক—এই তিন বিভাগে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয় ৩০ মিনিটের কুইজ-বিষয়ক লিখিত পরীক্ষায়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল-আলম বলেন, ‘বিজ্ঞান মানেই কঠিন বিষয়, ভীতির বিষয়—সেই ধারণা পাল্টে দিয়েছে এই উৎসবে আসা শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থী মেধা, সৃষ্টিশীলতা, চিন্তাশীলতা ও সৃজনশীলতার মাধ্যমে বিজ্ঞানের উদ্ভাবন ও আবিষ্কার দিয়ে একদিন বিশ্বজয় করবে। এ দেশকে সারা বিশ্বে তুলে ধরবে।’
সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর যুব কর্মসূচি ও বিজ্ঞান জয়োৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী মুনির হাসান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন খায়রুল আলম, সিটি ব্যাংকের বগুড়া শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাহাদৎ হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যক্ষ শাহাবুদ্দিন সৈকত, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুস সামাদ, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ, প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ, বন্ধুসভার সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।
সিটিব্যাংক-প্রথম আলোর উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান উৎসবে খুদে বিজ্ঞানীরা ৪৪টি উদ্ভাবন ও বিজ্ঞান প্রকল্প তুলে ধরে। বিজ্ঞানভিত্তিক কুইজে অংশ নেয় আরও চার শতাধিক শিক্ষার্থী। এই দুই বিভাগে ৫৯ জন প্রতিযোগী বিজয়ী হয়। বগুড়া ছাড়াও সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাটের প্রতিযোগীরা অংশ নেয়। উৎসবে সার্বিক সহযোগিতা করে বগুড়া বন্ধুসভা।