শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করার সব চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

প্রথম আলোয় গতকাল ‘বিজ্ঞানে অনাগ্রহ, কমছে শিক্ষার্থী’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর প্রতিক্রিয়া প্রায় হুবহু তুলে ধরা হলো:
বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী কমে যাচ্ছে, এটা আমরা ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই উপলব্ধি করি। এ জন্য আমরা উদ্বিগ্ন ছিলাম। অন্যান্য দেশে ও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানতে পারি, বর্তমানে সারা বিশ্বে এমন ধারা চলছে।
আমাদের দেশে বিজ্ঞানশিক্ষার মান ও সুযোগ তুলনামূলকভাবে কম। দক্ষ শিক্ষকের অভাব আছে। ল্যাবরেটরির সংকট তো আছেই। অর্থের অভাব একটি বড় বিষয়। তার ওপর চাকরির সুযোগ কম থাকায় বিজ্ঞানের শিক্ষার্থীরা অন্য বিভাগের প্রতি আকৃষ্ট হচ্ছে।
কিন্তু আমরা বসে নেই। শিক্ষার্থীদের বিজ্ঞানশিক্ষায় আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা এবং বিজ্ঞানশিক্ষাকে আকর্ষণীয় করার যে চেষ্টা শুরু হয়েছে, তা অব্যাহত আছে। এ প্রসঙ্গে বলা যায়, ২০১০ সালে ১৭টি মাইক্রোবাসে ল্যাবরেটরি তৈরি করে ভ্রাম্যমাণ বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব দেশের পশ্চাৎপদ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার চেষ্টা শুরু হয়।
এ ছাড়া পাঠ্যবই আকর্ষণীয় ও আনন্দদায়ক করার চেষ্টা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টির চেষ্টা চলমান রয়েছে। এটা আরও জোরদার করা হবে। জাতীয় শিক্ষানীতিতেও বিজ্ঞানশিক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে, এটি বাস্তবায়নাধীন।
শিক্ষার মান বৃদ্ধি এবং বিজ্ঞানশিক্ষার প্রতি আকর্ষণ সৃষ্টি করাটা আমাদের সবারই প্রচেষ্টার ফল। প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড ও আই জিনিয়াস প্রতিযোগিতার আয়োজন করছে। এর মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করা হচ্ছে। এটা দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছে।
মানবিক ও ব্যবসায় শিক্ষায় সব সময়ই শিক্ষার্থী বেশি থাকে। এটা অস্বাভাবিক নয়। কিন্তু বিজ্ঞানে যেভাবে শিক্ষার্থী কমে যাচ্ছিল, তা সবাইকে ভাবিয়ে তুলেছিল। বিভিন্ন উদ্যোগের ফলে এখন বেশ অগ্রগতি হয়েছে। তবে আরও কাজ করতে হবে। বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের কেন আগ্রহ কম, চাকরির বাজারে বিজ্ঞানের স্নাতকদের চাহিদা আসলেই কম কি না, এই শিক্ষার বিকাশে আরও কী ধরনের উদ্যোগ নেওয়া দরকার, সেগুলো নিয়ে বিভিন্ন পক্ষের মতামত সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে সবকিছুর পরও সুসংবাদ হলো, বিজ্ঞানের শিক্ষার্থীসংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত পাঁচ বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিজ্ঞানের শিক্ষার্থীসংখ্যাও। বিজ্ঞানশিক্ষায় যেসব সীমাবদ্ধতা আছে, সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা চলতে থাকবে সামনের দিনগুলোতে।